সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জের আংশিক) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের স্ত্রী ও মেয়েকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের সরকারি কলেজ এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন গাজী নজরুল ইসলামের স্ত্রী মাকসুদা খানম ও মেয়ে শারমিন সুলতানা খুকু।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি) আলি আহমেদ হাসেমী জানান, গাজী নজরুলের স্ত্রী ও মেয়ে নির্বাচনি প্রচারের আড়ালে নাশকতার জন্য লোকজন সংগঠিত করছিলেন। এ সময় তাদের আটক করা হয়। গাজী নজরুল ইসলাম নিজেও কিছু দিন আগে নাশকতার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
এর আগে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় ৮টি থানায় বিশেষ অভিযান চালিয়ে আরও ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।








