বুধবার (২৬ ডিসেম্বর) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার জেলা ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা মুখপাত্র নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফের সভাপতি প্রসিত খীসা দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই ইউপিডিএফ নেতা ২৪ ডিসেম্বর খাগড়াছড়ির পূজগাঙে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় দুই ব্যক্তির নিহত হওয়া, ইউপিডিএফ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরসহ দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের ওপর হামলা, ধরপাকড় ও সহিংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার নিন্দা জানান।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর এক পার্টি প্রস্তুতি সম্মেলনের মধ্য দিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গঠিত হয়। পার্বত্য চট্টগ্রামে স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে ইউপিডিএফ গণতান্ত্রিকভাবে সংগ্রাম করছে। এ পর্যন্ত এ দলের তিন শতাধিক নেতাকর্মী-সমর্থক প্রাণ হারিয়েছেন।
পার্বত্য চট্টগ্রামে ২৯৮ নম্বর আসনে (খাগড়াছড়ি) প্রার্থী দাঁড় করিয়েছে। ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে একটি প্রচারপত্রও প্রকাশ করা হয়েছে।








