লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে বিএনপি-জামায়াতের ৭৯ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ ও বিজিবি। গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী সীমান্ত এলাকায় জামায়াতের এক সদস্যের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানান, ওই এলাকায় আমিনুল হক নামে এক জামায়াত সদস্যের বাড়িতে আটককৃতরা গোপন বৈঠকে মিলিত হয়। সংবাদ পেয়ে স্থানীয় হাতীবান্ধা থানা পুলিশ ও বিজিবির একটি দল ওই বাড়ি থেকে ৭৯ জনকে আটক করে হাতীবান্ধা থানায় নিয়ে যায়।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের বিএনপির প্রার্থী হাসান রাজীব প্রধান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুনেছি বিএনপি-জামায়াতের ৭৯ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
লালমনিরহাট-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপির কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি জানার পরেই প্রশাসনকে অনুরোধ করা হয়েছে যেন অন্যায়ভাবে কোনও সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়।’
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ‘গোপন বৈঠকের সময় তাদেরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এখনই কিছু বলা যাচ্ছে না।’








