ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বজলুল হক হারুন বলেছেন, ‘ধানের শীষের প্রার্থীদের ভোট দেওয়ার কোনও কারণই খুঁজে পাচ্ছে না মানুষ। বিশ্ব আজ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের দিকে তাকিয়ে আছে। আর এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দিতে হবে।’
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকালে রাজাপুর উপজেলায় এক হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। গালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মনিরুজ্জামান পনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বজলুল হক হারুন।
বিএনপিকে উদ্দেশ করে হারুন বলেন, ‘আপনারা ইসলামের কথা বলে রাজনীতি করেন। কিন্তু একটা মাদ্রাসাও এমপিওভুক্ত করেননি। আওয়ামী লীগ সরকার হাজারের উপরে মাদ্রাসা এমপিওভুক্ত করেছে।’
ঝালকাঠিবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘ধানের শীষে নেতা নেই, নেত্রী নেই, কেন তাদের ভোট দেবেন? মানুষ দেশের উন্নয়ন চায়। উন্নয়ন চাইলে নৌকার বিকল্প নেই। উন্নয়নের কারণে বিশ্ব আজ তাকিয়ে আছে শেখ হাসিনার দিকে। তাই নৌকায় ভোট দিতে হবে।’
এসময় রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মিলন মাহমুদ বাচ্চু, সহ-সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, নুরুল ইসলাম খলিফা, সাধারণ সম্পাদক খাইরুল আলম সরফরাজ, সঞ্জিব বিশ্বাস, আফরোজা আক্তার লাইজু, মুজিবুল হক কামাল, ফকরুল ইসলাম খান প্রমুখ।








