বিএনপি মহাসচিব ও বগুড়া-৬ (সদর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামী ৩০ ডিসেম্বর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন আপনারা। শেষে ফলাফল নিয়ে ঘরে ফিরবেন। আর মনে রাখবেন, ভোট দিলে আপনারা আপনাদের পুত্রবধূকে ফিরে পাবেন। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশের ভবিষ্যৎ ফিরবে। এ ভোটের মধ্য দিয়ে গণতন্ত্রের মুক্তি, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হবে। অন্যথায় দেশে আবারও একদলীয় শাসন কায়েম হবে।’
বুধবার (২৬ ডিসেম্বর) বিকালে বগুড়া শহরতলির বাঘোপাড়া হাজী দানেশ উদ্দিন স্কুল ও কলেজ মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে সরকার নির্বাচন বানচাল করতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-মামলা অব্যাহত রেখেছে। আর জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করছে। দেশের মানুষ গোলামি থেকে মুক্তি ও আওয়ামী লীগের নির্যাতন থেকে বাঁচতে চায়।’
তিনি আরও বলেন, ‘জুলুমবাজ এ সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রহসনের বিচারের মাধ্যমে কারাগারে আটকে রেখেছে। সুস্থ নেত্রী এখন হুইল চেয়ারে চলাফেরা করছেন। আগেও বলেছি, আমি এখানে নির্বাচন করছি না; খালেদা জিয়ার প্রতিনিধিত্ব করতে এসেছি।’
সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনার সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা, নাগরিক ঐক্যের আহ্বায়ক ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী মাহমুদুর রহমান মান্না, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সদর আসনের প্রার্থীর প্রধান নির্বাচনি সমন্বয়ক অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, যুগ্ম সম্পাদক তাহাউদ্দিন নাহিন, যুগ্ম সম্পাদক সহিদ-উন-নবী সালাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খাদেম প্রমুখ বক্তব্য রাখেন।








