ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড়ের একটি জুতার গুদামে বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহিদুর রহমান।
তিনি বাংলা ট্রিবিউনকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। গাঙ্গিনারপাড়ের শফিকুর রহমানের মালিকানাধীন আজাদ সু’র পাঁচতলা ভবনের পঞ্চমতলার জুতার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা রাত ৮টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুই জানাতে পারেননি তিনি।
জুতার গুদামের মালিক শফিকুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে গুদামে আগুন লেগে ধোঁয়া বের হতে থাকে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভাতে সক্ষম হয়। গুদামে বিপুল পরিমাণ জুতা পুড়ে গেছে দাবি করেছেন তিনি। তবে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, আগুন নেভাতে গাঙ্গিনারপাড় মার্কেটের দোকানিরা এগিয়ে আসে এবং প্রশাসনের কর্মকর্তারাও সহযোগিতা করেছে।








