দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনের ৭৯১টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৮০টিকেই ঝুকিপূর্ণ বা ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ১১১টি কেন্দ্রকে সাধারণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোসহ সবকেন্দ্রেই ভোট গ্রহণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান, ‘জেলার ৬টি সংসদীয় আসনের ৭৯১টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৮০টিই গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপর ১১১টি কেন্দ্রকে সাধারণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনে ভোট কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সুপারিশ করা হয়েছে।’ আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য জেলার ৬টি সংসদীয় আসনে গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্রগুলোয় আইনশৃঙ্খলা বাহিনীর মোট ১১ হাজার ২০৩ জন সদস্য ভোটকেন্দ্রে ও টহল দায়িত্ব পালন করবেন। প্রত্যেকটি ভোট কেন্দ্রে ২ জন অস্ত্রধারী ও ৮ জন লাঠিয়াল মিলে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এর মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা থাকবেন। তালিকাভুক্ত কেন্দ্রগুলোর মধ্যে সাধারণ কেন্দ্রে একজন অস্ত্রধারী পুলিশ সদস্য এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২ জন অস্ত্রধারী পুলিশ সদস্য থাকবে। এছাড়া টহল ডিউটিতে বিজিবির ১ হাজার ২৩০ জন সদস্য, র্যাব ১১২ সদস্য, সেনাবাহিনীর প্রায় ২০০ সদস্য, পুলিশের ১ হাজার ৭৫১ জন সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনের দিন তাৎক্ষণিক যে কোনও পরিস্থিতি মোকাবেলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঝটিকা অভিযানের জন্য প্রস্তুত রাখা হবে।
দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল আলম জানান, ‘জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার জন্য ভোটের দিনে ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটকেন্দ্র এলাকাগুলোয় দায়িত্ব পালন করবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসন কার্যালয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মনিটরিং কেন্দ্র খোলা হয়েছে। মনিটরিং কেন্দ্রের সার্বিক দায়িত্বে থাকবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জয়নুল আবেদিন।’
সূত্রটি জানায়, জেলার সংসদীয় এলাকা অনুযায়ী দিনাজপুর-১ আসনের ১২৩টির মধ্যে ৯৫টি ঝুঁকিপূর্ণ ও ২৮টি সাধারণ ভোটকেন্দ্র। দিনাজপুর-২ আসনের ১১৩টির মধ্যে ৭৫টি ঝুঁকিপূর্ণ ও ৩৮টি সাধারণ ভোটকেন্দ্র, দিনাজপুর সদর-৩ আসনের ১২৮টির মধ্যে ১২৫টি ঝুঁকিপূর্ণ ও ৩টি সাধারণ ভোট কেন্দ্র, দিনাজপুর-৪ আসনের ১২৩টির মধ্যে ১২০টি ঝুঁকিপূর্ণ ও ৩টি সাধারণ ভোট কেন্দ্র, দিনাজপুর-৫ আসনের ১৩৯টির মধ্যে ১১৭টি ঝুঁকিপূর্ণ ও ২২টি সাধারণ ভোট কেন্দ্র এবং দিনাজপুর-৬ আসনের ১৬৫টির মধ্যে ১৪৮টি ঝুঁকিপূর্ণ ও ১৭টি সাধারণ ভোট কেন্দ্র।








