নড়াইলে ৫০ হাজার টাকাসহ বিএনপি প্রার্থীর একজন এজেন্টকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আটক রিয়াজুল ইসলাম খান (৩৮) শহরের মহিষখোলা এলাকার নজরুল ইসলাম খানের ছেলে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আটক রিয়াজ বৃহস্পতিবার রাতে নড়াইল সদর থানার ওসিকে ৫০ হাজার টাকা দিতে চাইলে তাকে আটক করেন ওসি। আটক রিয়াজ নড়াইল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনি এজেন্ট হিসেবে কাজ করছেন। জাহাঙ্গীর আলমের নির্বাচনি সমন্বয়ক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ তাকে টাকা দিয়ে থানায় পাঠিয়েছে বলে রিয়াজ পুলিশকে জানিয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন পিপিএম জানান, নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনি এজেন্ট রিয়াজ অসৎ উদ্দেশ্যে নড়াইল সদর থানার ওসিকে টাকা দিতে আসে। বিষয়টি ওসি জানতে পেরে তাকে টাকাসহ আটক করেছে। এ ব্যাপারে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে।








