পাবনার ৫টি নির্বাচনি আসনে ৬৬৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৯০টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জেলার ৬৬৭টি ভোটকেন্দ্রের মধ্যে সমতল এলাকার ৪৫৬টি এবং বিল বা হাওড় এলাকার ৩৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সদর উপজেলার ১২৪টি কেন্দ্রের মধ্যে ১১১টি কেন্দ্র, ঈশ্বরদী উপজেলার ৮৪টি কেন্দ্রের মধ্যে ৬৩টি, আটঘরিয়া উপজেলার ৩৭টি কেন্দ্রের মধ্যে ২২টি, চাটমোহর উপজেলার ৮৭টি কেন্দ্রের মধ্যে ৩৬টি, ভাঙ্গুড়া উপজেলার ৪১টি কেন্দ্রের মধ্যে ৩৬টি, ফরিদপুর উপজেলার ৪৩টি কেন্দ্রের মধ্যে ৩১টি, বেড়া উপজেলার ৩২টি কেন্দ্রের মধ্যে ২২টি, সাঁথিয়া উপজেলার ৭২টি কেন্দ্রের মধ্যে ৪৭টি এবং সুজানগর উপজেলার ৪৫টি কেন্দ্রের মধ্যে ৩৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর বাইরে আমিনপুর থানার ৫৮টি কেন্দ্রের মধ্যে ৪৩টি এবং আতাইকুলা থানার ৪৪টি কেন্দ্রের সবগুলোকেই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, সুষ্ঠু ও নিরাপদভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য ২ হাজার ২০ জন পুলিশ সদস্যের পাশাপাশি ৫৫০ জন সেনাসদস্য, ১৪ প্লাটুন বিজিবি সদস্য এবং পর্যাপ্ত র্যাব ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে।








