বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের ৮০৫টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ যাবতীয় নির্বাচনি সরঞ্জাম। শনিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পর থেকে জেলার ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনি সামগ্রী বুঝে নেন। এরপর পরই তারা নিরাপত্তা বাহিনীসহ স্ব-স্ব কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হন। কেন্দ্রে কেন্দ্রে রাত্রী যাপনের পর আগামীকাল রবিবার সকাল ৮টায় শুরু হবে বহুল প্রত্যাশিত ভোট।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সদর (বরিশাল-৫) আসনের ১৭৪টি কেন্দ্রের ব্যালট পেপার ও ব্যালট বক্সসহ যাবতীয় নির্বাচনি সামগ্রী ১৭৪জন প্রিজাইডিং কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে তারা সেখানে মালামাল গণানা করে করে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হন।
একইভাবে বরিশাল-১ আসনের ১১৫টি কেন্দ্রে, বরিশাল-২ আসনে ১৩৬টি কেন্দ্রে, বরিশাল-৩ আসনে ১২৩টি কেন্দ্রে, বরিশাল-৪ আসনে ১৪৮টি কেন্দ্রে এবং বরিশাল-৬ আসনের ১০৯টি কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সব ধরনের নির্বাচনি সামগ্রী পাঠানো হয়।








