মাশরাফির নির্বাচনি প্রচারণায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ডিবি পুলিশের এএসআই মনিরুজ্জামান মনিরের স্ত্রী রাবেয়া বেগমকে এক লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছেন মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি। শনিবার (২৯ ডিসেম্বর) নড়াইল সদর হাসপাতালে গিয়ে প্রসূতি রাবেয়ার হাতে সুমি টাকা তুলে দেন।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বেলা ৩টার দিকে লোহাগড়া উপজেলার দেবী গ্রামে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (ওডিআই) অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নির্বাচনি প্রচারণা দলের সঙ্গে থাকা অবস্থায় ডিবি পুলিশের এএসআই মনিরুজ্জামান মনির (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর হাসপাতালে সন্তান প্রসব করেন তার স্ত্রী।
এ ব্যাপারে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি জানান, মানবিক দিক বিবেচনা করে সদ্য প্রয়াত পুলিশ সদস্যর স্ত্রীকে সহায়তা করা হয়েছে।
মাশরাফির স্ত্রী ছাড়াও পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের পক্ষ থেকে ৭০ হাজার টাকা এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে নিহত পুলিশের স্ত্রী রাবেয়াকে।
পুলিশ সূত্রে জানা যায়, এএসআই মনির নড়াইল সদর থানা থেকে মাস দুয়েক আগে জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) যোগদান করেন। তার বাড়ি যশোরের বাঘারপাড়াতে। তানহা (৮) নামে আরেকটি সন্তান রয়েছে তাদের।








