যশোর শহরে মহিদুল ইসলাম সাফা (৪২) নামে একজন সিঅ্যান্ডএফ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের প্রাণকেন্দ্র ঈদগাহ মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত সাফা এইচএন এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের মালিক।
এইচএন এন্টারপ্রাইজের ম্যানেজার মোতালেব হোসেন সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠানের মালিক সাফাকে নিয়ে মোটরসাইকেলে খালধার রোড থেকে ঈদগাহ মোড়ে যান কম্পোজ করার জন্য। তারা মাসুদ কম্পিউটারের সামনে দাঁড়ান। তার পেছনে সাফা বসেছিলেন। তাদের পাশ দিয়ে যাওয়ার সময় দুই দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে সাফার গলায় পোচ দিয়ে চলে যায়।
তিনি বলেন, ‘আমি দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান।’
কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, ‘পূর্বশক্রতার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। আসামি আটকে অভিযান শুরু হয়েছে।’
নিহত সাফা যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের নবিস উদ্দিনের ছেলে। তিনি যশোর শহরের খালধার রোডে ভাড়া বাসায় থাকতেন।








