মানিকগঞ্জে আল আমিন (২৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সদর উপজেলার জাগীর ইউনিয়নের ঢাকুলী গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ( ৩ জানুয়ারি) সকালে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আল আমিন ঢাকুলী গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় একটি প্রাইভেট কোম্পানির গাড়িচালক।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে বাইচাল এলাকার ইউপি সদস্য মহিদুর রহমান আমাদের মোবাইলে ফোন করে বলেন, কুলসুমের বাড়ির পাশে আল আমিন আহত অবস্থায় পড়ে আছে। দেড় বছর আগে একই ইউনিয়নের বাইচাল গ্রামের হামিদুর রহমানের মেয়ে কুলসুম আক্তারকে ভালোবেসে বিয়ে করেন আল আমিন। পরে পারিবারিক কলহের জের ধরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। তার পরেও কুলসুমের সঙ্গে যোগাযোগ ছিল আল আমিনের।
এ বিষয়ে ইউপি সদস্য মহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুলসুমের বাড়ির পাশে আল আমিনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রাসহ তাকে উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’
মানিকগঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম বলেন, ‘ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে আল আমিনকে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’
ওসি রকিবুজ্জামান বলেন, ‘এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে, ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড।’








