ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের প্রাত বাজারে আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বেলা ১১টার দিকে সরাইল প্রাত বাজারের একটি বন্ধ থাকা জুয়েলারি দোকান থেকে প্রথমে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় জনসাধারণের পাশাপাশি সরাইল এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জুয়েলারি, মনোহারি, ফার্মেসি, বেকারি বইয়ের দোকান রয়েছে ।
আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ ব্যবসায়ী একেএম ফজলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও কিছু বুঝে ওঠার আগেই দেখি আমার দোকানে আগুন জ্বলছে। আগুন নেভানোর আগেই আমার দোকান ভস্মীভূত হয়।’
একই রকম কথা বলেন ক্ষতিগ্রস্ত অন্য ব্যবসায়ী আবদুর রহিম, বশির আহমেদ ও সৈকত হোসেন টুটুল। তারা বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের অন্তত দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। আমাদের দিকে সরকার একটু নজর না দিলে ঘুড়ে দাঁড়ানো সম্ভব নয়।’
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত করা হবে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’








