নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫ নম্বর চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামে গৃহবধূ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত ৯ নম্বর আসামি সালাউদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (৬ জানুয়ারি) রাত ১২টায় ফেনী জেলার সদর উপজেলার সুলতানপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আটক সালাউদ্দিন সুবর্ণচর উপজেলার ৫ নম্বর চর জুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর মধ্য বাগ্যা গ্রামের টোকাই এর ছেলে।
এ নিয়ে এই মামলায় এজাহারভুক্ত ৫ জন (বাদশা আলম ওরফে বাসু ওরফে কুড়াইল্যা বাসু, স্বপন, বেচু, সোহেল ও সালাউদ্দিন) এবং জড়িত সন্দেহে ৩ জনকে (মূল ইন্ধনদাতা রুহুল আমিন, মূল হোতা হাসান আলী রুলু ও জসিম) গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, এর আগে আটক ৭ আসামির প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। এদের মধ্যে এজাহারভুক্ত আসামি বাদশা আালম ওরফে বাসু ওরফে কুড়াইল্যা বাসু, স্বপন ও সোহেল এর রিমান্ড শুনানির দিন আজ ধার্য করা আছে।
জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, রাত ১২টায় ফেনী জেলার সদর উপজেলার সুলতানপুর গ্রাম থেকে এজাহারভুক্ত ৯ নম্বর আসামি সালাউদ্দিনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ নিয়ে এই ধর্ষণের মামলায় এজাহারভুক্ত ৯ জনের মধ্যে ৫ জনসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।








