বরিশালের উন্নয়নে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে সঙ্গে নিয়ে একসঙ্গে পথ চলবেন বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। অন্যদিকে বরিশালের পরিকল্পিত উন্নয়নে জাহিদ ফারুক শামীম গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে আশা সিটি মেয়র সাদিকের। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকালে বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বরিশালের এই দুই জনপ্রতিনিধি।
পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলেন শামীম। সভায় বরিশালের উন্নয়নে জয়েন্ট স্টক, লেবার কোর্ট, মেরিন কোর্ট ও পরিবেশ আদালত স্থাপন, নদীভাঙন প্রতিরোধ ও নদীর নাব্য রক্ষা, পর্যটন শিল্পের বিকাশ, নৌপথে সরকারি যাত্রীবাহী প্যাডেল স্টিমার ও আকাশপথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাড়ানো, গ্রামীণ অবকাঠামো পুনর্নির্মাণসহ উন্নয়নের নানা প্রতিবন্ধকতা ও সমস্যার কথা তুল ধরেন সাংবাদিকরা। বরিশালের উন্নয়নে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন,‘আবুল হাসানাত আবদুল্লাহ আমার রাজনৈতিক অভিভাবক। তার নেতৃত্বে বরিশালের রাজনীতি এবং উন্নয়ন পরিচালিত হবে। তার বড় ছেলে সাদিক আবদুল্লাহর সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনও দ্বিমত বা বিরোধ নেই। বিরোধের কথা বলে কেউ বরিশালের উন্নয়ন বাঁধাগ্রস্ত করবেন না।’
প্রতিমন্ত্রী জানান, তার নির্বাচন পরিচালনার জন্য সাদিক আবদুল্লাহ আমেরিকা থেকে তার স্ত্রীকে দেশে ফিরিয়ে এনেছিলেন। সাদিক আবদুল্লাহ তার বিজয় তরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি কোনও দিন সাদিক আবদুল্লাহর এই অবদান ভুলবেন না।
এ সময় সাদিক আবদুল্লাহ বলেন, ‘পানিসম্পদ প্রতিমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বটে। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে শামীমের জন্য কাজ করেননি, তিনি কাজ করেছেন দলের জন্য, নৌকার জন্য এবং প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য। সাবেক সেনা কর্মকর্তা শামীমকে সঙ্গে নিয়ে বরিশালকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যাওয়া হবে।’
বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। উপস্থিত ছিলেন– মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর এবং সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ অন্যান্যরা।








