দিনাজপুরের হিলি সীমান্তের জিলাপিপট্টি এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের ভারত থেকে অবৈধভাবে আনা ফেনসিডিল, শাড়ি ও আতশবাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মাজেদা বেগম (৪০) নামের এক নারী চোরাচালানীকে আটক করেছে বিজিবি।
রবিবার (২৭ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে এসব পণ্য ও চোরাচালানীকে আটক করে বিজিবি। মাজেদা হিলির জিলাপিপট্টি এলাকার একরামুল হকের স্ত্রী।
বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহজাহান আলী বাংলা ট্রিবিউনকে জানান, ভারত থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল এনে সীমান্তবর্তী কয়েকটি বাড়িতে মজুত করা হচ্ছে– এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে হিলির জিলাপিপট্টিতে মাজেদা বেগমের বাড়িসহ তিনটি বাড়িতে অভিযান চালানো হয়।








