মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামে আবু মুসলিম (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী রিমা বেগম ওরফে রেজনের বিরুদ্ধে। সোমবার সকালে কুলাউড়া থানার ওসি শামীম মুসা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রিমা বেগম পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, চার সন্তানের জননী রিমা বেগম। রবিবার রাতে সন্তানরা ঘুমিয়ে ছিল। তারা চিৎকারের শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখে বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং মা ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় আহত আবু মুসলিমকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক মো. সানাউল্লাহ বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে দা দিয়ে কুপিয়ে আবু মুসলিমকে হত্যা করা হয়েছে। তার স্ত্রী রিমা বেগম ওরফে রেজন দেড় বছরে শিশু সন্তান নিয়ে পলাতক রয়েছেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, ঘাতককে আটকের পর বিস্তারিত জানা যাবে।’








