ঢাকার কেরানীগঞ্জে বাবার মোটরসাইকেল থেকে ট্রাকের নিচে পড়ে স্কুলপড়ুয়া ভাইবোন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন তাদের বাবা। আজ সোমবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর মোল্লারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো আফরিন (১৩) ও মো. আফছার উদ্দিন (১০)। তাদের বাবার নাম মো. সামসুদ্দিন ডালিম (৪০)। আফরিন হাসনাবাদের কসমো মেট্রোপলিট্রন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী। আফছার উদ্দিন একই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির ছাত্র। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই মুনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সকালে স্কুল ছুটির পর দুই সন্তানকে নিয়ে বাবা সামসুদ্দিন ডালিম মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি রাজেন্দ্রপুরের মোল্লারপুল এলাকায় পৌঁছলে বিপরীত দিক আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ভাইবোন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের বাবা সামসুদ্দিন ডালিমকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি রাজেন্দ্রপুরের হাটখোলা গ্রামে।’








