নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের এক বাড়ি থেকে অপহরণের ৬ দিন পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনায় জড়িত শাকিল (১৮) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শাকিল একই এলাকার আবদুল হাইয়ের ছেলে।
সোমবার (২৮ জানুয়ারি) সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয়ের আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করতো স্থানীয় বখাটে শাকিল। এনিয়ে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে শাকিলের অভিভাবকদের জানানো হলেও কোনও প্রতিকার পাওয়া যায়নি। উল্টো ক্ষিপ্ত হয়ে শাকিল ভিকটিমকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় এবং গত ২২ জানুয়ারি মঙ্গলবার ভোরে তাকে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এই ঘটনায় রবিবার অপহৃতার বাবা আবুল বাশার বাদী হয়ে অপহরণকারী শাকিল তার বাবা আবদুল হাই ও মা খোদেজাকে আসামি করে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিবি হাওয়া মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে অপহরণকারী শাকিলকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।








