বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘সরকার মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি ঘোষণা করেছে। জেলার মাদক নিয়ন্ত্রণে র্যাব, পুলিশ ও মাদকদব্র্য নিয়ন্ত্রণ অধিদফতর কাজ করছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, তা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুনীতিমুক্ত একটি মন্ত্রিসভা দেশবাসীকে উপহার দিয়েছেন। আমরা সবাই মিলে কাজ করে দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদক মুক্ত করবো।’
বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয়ে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রয়াত বাবা সাবেক পৌর চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে এসে তিনি এ মন্তব্য করেন।
পাট ও বস্ত্র মন্ত্রী নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের উদ্দেশে বলেন, ‘আমাদের সুশাসন চালাতে সহযোগিতা করবেন। নারায়ণগঞ্জের যে সুনামটা হারিয়ে গিয়েছিল সেটা যেন ফিরে আসে।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে একজন যোগ্য নেত্রী উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশনের উন্নয়নে যে কোনও সহযোগিতা করা হবে। নারায়ণগঞ্জের জনগণ আপনার পাশে রয়েছে।’
মিলাদ মাহফিলে বস্ত্র ও পাট মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট হোসনে আরা বাবলি, জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান, আবদুল কাদির, জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, আবু সফিয়ান এবং মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা।







