সড়ক দুর্ঘটনায় আহত বেসরকারি টেলিভিশন বাংলা টিভির চাঁদপুর প্রতিনিধি মো. মানিক পাটওয়ারী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বুধবার দুপুরে মৃত্যুবরণ করেছেন (ইন্না...রাজিউন)।
মানিক পাটওয়ারী চাঁদপুর শহরের কোড়ালিয়াস্থ পীর বাদশা মিয়া সড়ক এলাকার মৃত ওচমান পাটওয়ারীর ছেলে। সাংবাদিক মানিক পাটওয়ারীর ৩টি কন্যা সন্তান রয়েছে। এর মধ্যে বড় মেয়ে অষ্টম শ্রেণিতে, মেঝো মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। আর অন্য কন্যার বয়স ৯ মাস।
স্বজনেরা জানান, গত ২৩ জানুয়ারি চাঁদপুরের বাকিলা বাজার এলাকায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হন সাংবাদিক মানিক পাটওয়ারী। তাকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে প্রথমে পঙ্গু হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে রাজধানীর উত্তরা আরএমবি হাসপাতালে নেওয়া হয়। এ হাসপাতালের আইসিসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন মানিক।
মানিকের ভাই খোকন পাটওয়ারী জানান, ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ (বুধবার) দুপুর আড়াইটায় মানিক আরএমবি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বুধবার রাতে মানিক পাটওয়ারীর মৃতদেহ তার নিজ বাড়ি কোড়ালিয়া এলাকাস্থ পীর বাদশা মিয়া সড়ক এলাকায় আসে বলেও জানান খোকন পাটওয়ারী। তিনি আরও জানান, বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় মানিক পাটওয়ারীর জানাজা নামাজ কোড়ালিয়ার পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, বাংলাটিভির চাঁদপুর প্রতিনিধি মো. মানিক পাটওয়ারীর মৃত্যুতে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সংগঠনের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস শোক প্রকাশ করেছেন।








