রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইরশালবাড়ি গ্রাম থেকে ভরসা মন্ডল (২১) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে লাশ উদ্ধার করা হয়।
ভরসা মন্ডল বালিয়াকান্দি উপজেলার ইরশালবাড়ি গ্রামের প্রভাস মন্ডলের মেয়ে। তিনি বালিয়াকান্দি কলেজে ভূগোল বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।
মৃত ভরসা মন্ডলের মামা কৃষ্ণ পদ মিত্র বলেন, ‘রবিবার দুপুরে ভরসা বাড়িতে একাই ছিল। এসময় তার মা বালিয়াকান্দি বাজারে ও বাবা মাঠে কৃষি কাজে ব্যস্ত ছিল। পরে বিকালে ভরসার মা বাড়িতে এসে দেখে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। সবাই মিলে ঘরের দরজা ভেঙে দেখতে পায় ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ভরসার নিথর দেহ ঝুলে আছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার রাজবাড়ী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
রাজবাড়ী সদর হাসপাতালের ময়নাতদন্তের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. এস এম তারেক আনাম জানান, ‘মৃতদেহের গলায় ফাঁসের দাগ রয়েছে। এছাড়া শরীরের কোথাও কোনও জখমের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস নেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।’








