বাসা থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার আসামি চট্টগ্রামের বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) খন্দকার সাইফুদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার জাহান এ আদেশ দেন। নগর পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৮ সালের ৩০ জুলাই রাতে বাকলিয়া হাফেজনগর এলাকায় এস আই খন্দকার সাইফুদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযুক্ত এস আই খন্দকার সাইফুদ্দিন আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩০ জুলাই র্যাবের অভিযানের সময় এস আই খন্দকার সাইফুদ্দিন বাসায় ছিলেন না। তখন তিনি বাকলিয়া থানায় দায়িত্বরত ছিলেন। ইয়াবা উদ্ধারের বিষয়টি জানার পর সাইফুদ্দিন অসুস্থতার ভান করে থানা থেকে হাসপাতালে যাওয়ার সময় পালিয়ে যান। এ ঘটনায় গত ৩১ জুলাই এস আই খন্দকার সাইফুদ্দিনকে বরখাস্ত করা হয়।








