সিরাজগঞ্জ রেল বিভাগের গেজরিডার আবদুল আউয়ালকে (বর্তমানে পাকশীতে সংযুক্ত) সাময়িক বরখাস্ত করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ ও কর্মক্ষেত্রে ফাঁকি দেওয়াসহ নানাবিধ অপরাধে তাকে সাসপেন্ড করা হয়।
পশ্চিমাঞ্চল রেল বিভাগের প্রধান প্রকৌশলী আফজাল হোসেনের নির্দেশে পাকশী রেল বিভাগ আউয়ালকে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সাসপেন্ড করে। পাকশী রেল বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।
গেজরিডার আবদুল আউয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে শুক্রবার বিকালে বাংলা ট্রিবিউনকে জানান, সাসপেন্ড হওয়ার আদেশপত্র তিনি এখনও হাতে পাননি।
কর্মক্ষেত্রে ফাঁকি দেওয়ার অভিযোগে গেজরিডার আবদুল আউয়ালকে সম্প্রতি সিরাজগঞ্জ থেকে পাকশী বদলি করা হয়। পাকশী বদলি হলেও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে প্রায়ই তিনি সিরাজগঞ্জে অবস্থান করতেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এছাড়া, গত ২ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় জুয়া খেলার সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশ। ওই রাতেই মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। সিরাজগঞ্জ রেলের জায়গা ও পরিত্যক্ত ভবন দখল প্রক্রিয়ায় জড়িত কতিপয় ভূমিদস্যুর সঙ্গে আউয়ালের সখ্যতা নিয়েও একাধিক গণমাধ্যমে সম্প্রতি সংবাদ প্রকাশিত হয়।








