সাতক্ষীরার শ্যামনগরে ১৯ বছরের এক বাক-প্রতিবন্ধী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক আব্দুল গফফারকে (৫৬) গ্রেফতার করেছে। শনিবার রাত ৮টার দিকে শ্যামনগর উপজেলা সদর থেকে পুলিশের উপ-পরিদর্শক রাজ কিশোর পাল তাকে আটক করেন।
আটক আব্দুল গফফার শ্যামনগর উপজেলার বাদঘাটা চন্ডীপুর গ্রামের মৃত গহর আলী গাইনের ছেলে।
ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ও স্বজনরা জানায়, গাড়িচালক আব্দুল গফফার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পিছনে একটি সরকারি কোয়ার্টারে একা থাকতেন। সেখানে শনিবার দুপুরে তার বাড়ি থেকে তার জন্য ভাত নিয়ে যায় বাক-প্রতিবন্ধী ওই নারী। একা পেয়ে গফফার তাকে ধর্ষণ করে। পরে সে বিষয়টি বাড়িতে গিয়ে তার মাকে জানালে তার মা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে আব্দুল গফফারক আটক করে।
ওই বাক-প্রতিবন্ধীকে উদ্ধার করে শ্যামনগর থানা হেফাজতে রেখেছে পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে আব্দুল গফফারকে আটক করেছে। বাকপ্রতিবন্ধীকে রবিবার মেডিক্যাল পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হবে।
এ ঘটনায় নিপীড়নের শিকার ওই নারীর মা বাদী হয়ে ধর্ষক আব্দুল গফফারকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।








