কক্সবাজারের উখিয়া বালুখালী এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ আমিন (১৯) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। আটক আমিন উখিয়া বালুখালী ১০ নম্বর ক্যাম্পের জি-ব্লকের কাদির হোসেনের ছেলে।
টেকনাফ র্যাব-৭, ক্যাম্প-১ এর ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব (পিপিএম) এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সন্ধ্যার দিকে উখিয়া বালুখালী ছবুল্লা কাটা এলাকার রোহিঙ্গা ক্যাম্প-১৬ এর বিপরীত রাস্তার পূর্ব পার্শ্বে ফাঁকা জায়গার ওপর কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে বলে খবর পেয়ে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামি সৈয়দুল আমিনকে আটক করা হয়। আটক আসামির ব্যাগের মধ্য থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক সিন্ডিকেটের মাধ্যমে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে এসে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।








