যশোরের চৌগাছা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আশরাফুজ্জামান জিসানকে খুলনা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এসময় তানভীর আহম্মেদ ও আব্দুল্লাহ আল নাদিম নামে দুই অপহরণকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি মোবাইল ও ১০টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ র্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মো. মাসুদ আলম।
অপহৃত জিসান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্কুল শিক্ষক মো. আসাদুজ্জামান লিখনের ছেলে। জিসানের বাড়ি মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে।
সংবাদ সম্মেলনে ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মো. মাসুদ আলম জানান, ১৯ ফেব্রুয়ারি বিকালে জিসান যশোরের চৌগাছা উপজেলা শহরে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। রাস্তা থেকে অপহৃত হয় সে। অনেক খোঁজাখুজির পর না পেয়ে তার বাবা পরের দিন ২০ ফেব্রুয়ারি মহেশপুর থানায় একটি সাধারন ডায়েরি করেন। এরপর ২২ ফেব্রুয়ারি অপহৃত জিসানের বাবার কাছে মোবাইলে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ভিকটিমের পরিবার অপহরণকারীদের দেওয়া বিকাশ অ্যাকাউন্টে দুই কিস্তিতে ৪৫ হাজার টাকা প্রদান করে। এই ঘটনা র্যাবকে জানালে উন্নত তথ্যপ্রযুক্তির সাহায্যে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। ২৩ ফেব্রুয়ারি ভোরে খুলনার ফুলতলার বরনপাড়া থেকে তানভীর আহম্মেদ নামের এক অপহরণকারীকে আটক করা হয়। একই দিন দুপুরে আব্দুল্লাহ আল নাদিম নামের আরও এক অপহরণকারী জিসানের পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা নিতে খুলনা যশোর সড়কের ফুলতলা এলাকায় এলে তাকে আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী খুলনার দৌলতপুরের হাজি ইব্রাহিম রোডের মতলেবুর রহমানের চার তলা মেস থেকে জিসানকে উদ্ধার করা হয়।
আটক তানভীর খুলনা ফুলতলার বরনপাড়ার সরোয়ার হোসেনের ছেলে ও আব্দুল্লাহ আল নাদিম যশোর শহরের আরপুরের মোর্শেদের ছেলে।








