নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘প্রশ্নবিদ্ধ নির্বাচন গণতন্ত্রের জন্য অন্তরায়। আচরণবিধি অনুযায়ী নির্বাচন সম্পন্ন করাই নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য।’ সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার অডিটরিয়ামে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব তালুকদার আরও বলেন, ‘ভোটারা যাতে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করা প্রশাসনের কাজ। বিশেষ ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাত মুক্ত নির্বাচন করতে হবে। নির্বাচনে পেছনের দরজা দিয়ে যেন কেউ ক্ষমতায় আসতে না পারে সেব্যাপারে লক্ষ্য রাখতে হবে।’
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন, ডিজিএফআই এর কর্নেল মো. রাব্বি আহসান, ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকতা মো. আলীমুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।








