বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৩তম জন্মদিন আজ। ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নূর মোহাম্মদ শেখ নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের মহিষখোলা (বর্তমান নাম নূর মোহাম্মদনগর ) গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মবার্ষিকী উপলক্ষে নূর মোহাম্মদ নগর ও বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আজ নানা কর্মসূচি গ্রহণ করেছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও নড়াইল জেলা প্রশাসন।
ছোটবেলায় পিতা মোহাম্মদ আমানত শেখ এবং মা জেন্নাতুন্নেছাকে হারান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়ার পর ডানপিটে নূর মোহাম্মদ আর এগোতে পারেননি। ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি তৎকালীন ইপিআর-এ (পূর্ব পাকিস্তান রাইফেলস,বর্তমানে বিজিবি) যোগদান করেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করে ১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলি হন এবং ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে অংশ নেন। যুদ্ধ চলাকালীন যশোরের শার্শা থানার কাশীপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন। এ সময় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ৮ নম্বর সেক্টরে কমান্ডার ছিলেন কর্ণেল (অব.) আবু ওসমান চৌধুরী এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর এসএ মঞ্জুর। এদের নেতৃত্বে মুক্তিযুদ্ধে প্রাণপণ লড়েছেন নূর মোহাম্মদ। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে পাকবাহিনীর গুলিতে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হলে নূর মোহাম্মদ শেখ হাতে এলএমজি এবং কাঁধে আহত সাথীকে নিয়ে শত্রু পক্ষের দিকে এগিয়ে যান এবং গুলি ছুঁড়তে থাকেন। এসময় পাকবাহিনীর মর্টার শেলের আঘাতে মারাত্মক জখম হন তিনি। দেশপ্রেমে উদ্বুদ্ধ নূর মোহাম্মদ আশংকাজনক অবস্থায়ও নিজের জীবনের কথা না ভেবে যুদ্ধ চালিয়ে যান এবং গুলি চালাতে চালাতে সামনের দিকে অগ্রসর হন। এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। যশোরের শার্শা থানার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।
জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে কোরআনখানি, র্যালি,মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী,স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার ও, স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আনজুমান আরা।প্রধান বক্তা হিসেবে থাকবেন পুলিশ সুপার মো. জসিম উদ্দিন পিপিএম।সভাপতিত্ব করবেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সদস্য সচিব ও চন্ডীবরপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া প্রমূখ।







