পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৩১৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ চশমা প্রতীকে পেয়েছেন ২২৯ ভোট।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আনোয়ার সাদাত সম্রাটকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে পঞ্চগড় জেলার ৫টি উপজেলার ১৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
জেলা রিটানিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে জেলার পাঁচ উপজেলা, দুইটি পৌরসভা এবং ৪৩ ইউনিয়নের ৫৮৩ জন জনপ্রতিনিধি ভোটারের মধ্যে সবাই ভোট দেন। এর মধ্যে ছয়টি ভোট নষ্ট হয়।
জানা গেছে, অপর প্রার্থী বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন ঘোড়া প্রতীকে পান ৩০টি ভোট। অধ্যক্ষ দেলদার রহমান দিলু আনারস প্রতীকে ১টি এবং প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুর স্ত্রী মোছা. জহুরা প্রধান টেবিল ফ্যান প্রতীকে একটি ভোটও পাননি।








