একুশে পদকপ্রাপ্ত পলান সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার পৃথক শোক বার্তায় তারা পলান সরকারের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘পলান সরকারের মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট সমাজকর্মীকে হারালো। পলান সরকার রাজশাহীর ২০টি গ্রামজুড়ে গড়ে তুলেছিলেন অভিনব শিক্ষা আন্দোলন এবং নিজের টাকায় বই কিনে পড়তে দিতেন পিছিয়ে পড়া গ্রামের মানুষকে। তাঁর অবদান রাজশাহীর মানুষসহ বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।’
মেয়র খায়রুজ্জামান লিটন শোক বার্তায় বলেন, ‘পলান সরকার অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন। গ্রামে গ্রামে বই বিলি করে বইপড়া আন্দোলন গড়ে তুলেছেন। তিনি যে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন তা চিরকাল স্মরনীয় হয়ে থাকবে।’








