পাবনার চরশিবরামপুরে কৃষকলীগ নেতা ইঞ্জিনিয়ার খায়রুল হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। চরশিবরামপুর এলাকাবাসী ও জেলা কৃষকলীগের যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার (২ মার্চ) বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আবদুল হামিদ সড়কে আয়োজিত এ মানববন্ধনে খায়রুলের পরিবারের সদস্যরাসহ স্থানীয় বহু মানুষ অংশ নেন। এ সময় তারা খায়রুলের পরিবারের নিরাপত্তা ও অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন– খায়রুলের স্ত্রী শিরিন খাতুন, ভাই আমিরুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক তৌফিক হাবিব, সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন ও অন্যরা।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি পাবনার চরশিবরামপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী আন্দোলন গড়ে তোলার কারণে স্থানীয় মাদক ব্যবসায়ীরা খায়রুল ইসলামের উপর ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করে বলে অভিযোগ পাওয়া যায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও দু’পায়ের রগ কেটে তাকে হত্যা করে।








