ঠাকুরগাঁও সদর উপজেলার ঝাড়গাঁও উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তানজিনা আক্তারকে এসিড ছুড়ে শরীর ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।
রবিবার (৩ মার্চ) দুপুর ৩টায় বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
মানববন্ধন কর্মসূচিতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক-অভিভাবক ও স্থানীয় জন প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন স্কুলশিক্ষক দেলোয়ার হোসেন, ঝাড়গাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্র-আরিফ, মিথি প্রমুখ। তারা তানজিনা ও তার মায়ের ওপর এসিড নিক্ষেপকারী আমজাদ ও তার সঙ্গীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। আর কোনও শিক্ষার্থীকে যেন এসিডে ঝলসে হতাহত হতে না হয় সেজন্য এসিড কেনাবেচার ব্যাপারে কঠোর সতর্কতা অবলম্বনেরও দাবি জানায় স্কুল শিক্ষার্থীরা।
গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাবা ও মায়ের সঙ্গে তানজিনা আক্তার গুঞ্জুরাহাট এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় আমজাদ এর নেতৃত্বে সন্ত্রাসীরা তানজিনা ও তার বাবা মা-কে লক্ষ্য করে এসিড ছোড়ে। এতে তানজিনার বাবা মোস্তফা কোনও রকমে বেঁচে যান। তবে সন্ত্রাসীদের ছোড়া এসিড থেকে রক্ষা পায়নি তানজিনা ও তার মা মরিয়ম। এসিডে এসএসসি পরীক্ষার্থী তানজিনার পিঠ ঝলসে যায়। পুড়ে যায় তানজিনার মা মরিয়মের বাম হাত।
প্রথমে তানজিনা ও তার মাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাদের রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।








