যশোরে নিখোঁজ শিশু আফরিন তৃষার (৮) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের ধর্মতলা গাজীপাড়ার হরষিতের বাড়ির পেছনের এক গর্ত থেকে মরদেহটি উদ্ধার হয়েছে। তার হাত পা বাঁধা এবং মুখে কাপড় গোঁজা ছিল। এলাকাবাসী ধারণা করছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহত তৃষা ওই এলাকার তরিকুল ইসলামের মেয়ে। তরিকুল জানান, তার মেয়ে কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। রবিবার (৩ মার্চ) বিকালে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়। এরপর খোঁজাখুজি করে তাকে না পেয়ে থানায় জিডি করেন তিনি। আজ সোমবার সন্ধ্যায় স্থানীয় কিছু মহিলা এলাকার হরষিতের বাড়ির পাশে একটি ছোট গর্তে তার লাশ দেখতে পেয়ে খবর দেয়।
এলাকাবাসীর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার জানান, শিশুটি নিখোঁজ ছিল। তার লাশ উদ্ধার করা হয়েছে। খবর শুনে ঘটনাস্থলে পুলিশে গেছে। লাশ উদ্ধার করে মর্গে নেওয়া হচ্ছে। কে-বা কারা কীভাবে শিশুটিকে হত্যা করেছে তা পুলিশ খতিয়ে দেখছে। তবে এলাকাবাসীর ধারণা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।








