বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোল থেকে আড়াই মাস বয়সী শিশুসন্তান চুরি হয়েছে। রবিবার দিনগত মধ্যরাতে মোরেলগঞ্জ উপজেলার বিশারীঘাটা গ্রামে দলিল লেখক সোহাগ হাওলাদারের ঘরের গ্রিল কেটে অজ্ঞাত দুর্বৃত্তরা তার আড়াই মাস বয়সী ছেলে আব্দুল্লাহকে নিয়ে গেছে। খবর পেয়ে থানা পুলিশ ওই বাড়ি পরিদর্শন করেছে। শিশুটির মুক্তির জন্য মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।
শিশুটির বাবা সোহাগ হাওলাদার বলেন, ‘রাত ৩টার দিকে অসুস্থ ছেলেকে ওষুধ খাওয়াই। এরপর আমাদের অপর সন্তান সুমাইয়া ও আব্দুল্লাহকে নিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে ৪টায় জেগে দেখি বিছানায় আমার সন্তান আব্দুল্লাহ নেই। আমার মোবাইল ফোনটিও নেই। পরে দেখতে পাই জানালার গ্রিল খোলা, দরজা খোলা। ঘরের মধ্যে লোক টের পেয়েছি, ওঠার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ঘরের অন্যান্য রুমের সব দরজা বাইরে থেকে আটকে রেখেছিল দুর্বৃত্তরা।’
তিনি আরও বলেন, ‘আমার খোয়া যাওয়া মোবাইল থেকে আমার ভাইয়ের কাছে ফোন করে দুর্বৃত্তরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে।’
সোহাগের স্ত্রী রেশমা বেগম বলেন, ‘ওষুধ খাওয়ানোর পর আব্দুল্লাহকে বুকের দুধ খাওয়াতে খাওয়াতে আমরা ঘুমিয়ে পড়ি। সে আমার কোলের মধ্যেই ছিল। কীভাবে নিয়ে গেছে টের পাইনি।’
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি কে এম আজিজুল ইসলাম সোমবার (১১ মার্চ) দুপুরে জানান, ‘শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশে তিনটি টিম কাজ করছে। ছেলেটির বাবার খোয়া যাওয়া মোবাইল থেকে তার ভাইয়ের কাছে ফোন করে দুর্বৃত্তরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে।’







