সাতক্ষীরায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা চালানোকে কেন্দ্র করে নৌকার সমর্থক এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আনারস প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। রবিবার দুপুরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের দেবনগর নূর হোসেনের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দেবনগর গ্রামের মৃত দুলাল বল্লবের ছেলে ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরিতোষ বল্লব।
আহত পরিতোষ বল্লব জানান, ‘উপজেলা পরিষদ নির্বাচনে আমি সদর উপজেলার নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবুর সমর্থনে নির্বাচনি কাজ করছি। রবিবার দুপুরে আমার শিশু সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে নূর হোসেনের দোকানের সামনে আসলে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এসএম শওকত হোসেনের সমর্থক উত্তর দেবনগর গ্রামের জাকারিয়ার ছেলে মোতালেব আমার কাছে কৈফিয়ত চান তুমি শওকত সাহেবের আনারস মার্কায় ভোট না করে নৌকায় ভোট করছো কেন? এসময় আমাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মোতালেব উত্তর দেবনগর গ্রামের আতিয়ার রহমানের ছেলে ৪/৫টি নাশকতা মামলার আসামি সাঈদের কাছে মোবাইলে ফোন করে। সাঈদ এ সময় একই গ্রামের আজিজার রহমানের ছেলে লিটন, জাকারিয়ার ছেলে মোজাম্মেল, নজরুল ইসলামের ছেলে সুমন ও সোহরব হোসেনের ছেলে বাবলুসহ ৮/১০ জনকে ডেকে সংঘবদ্ধ হয়ে আমার ওপর হামলা চালায়। তারা আমাকে কিল, ঘুষি ও লাথি মেরে লাঞ্ছিত ও আহত করে।’
স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হলে সাতক্ষীরা সদর থানা পুলিশের এসআই কিশোর সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে, এ হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান বাবু ও আনারস প্রতীকের প্রার্থী এসএম শওকত হোসেন ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছেন। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’








