মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার চানঁ মিয়া ভারতের হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার এএল টির্কির হাতে মিষ্টি তুলে দেন। এসময় তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় সেখানে দুই বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
সুবেদার চানঁ মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, ‘২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতের পতিরাম ১৮৩ ও ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কসহ স্টাফ অফিসার ও হিলিসহ অন্যান্য ক্যাম্পগুলোর জন্য ৯ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় বিএসএফের পক্ষ থেকেও তারা আমাদের শুভেচ্ছা জানিয়েছে।
তিনি জানান, দীর্ঘদিন ধরে আমাদের এ দুই বাহিনীর মাঝে এ ধরনের রেওয়াজ চলে আসছে। এর ফলে আমাদের দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে।








