রাতে ভোট চুরির মাধ্যমে আওয়ামী লীগ সরকার এ দেশের গণতন্ত্রকে দাফন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী মীর নাছির উদ্দিন। তিনি বলেন, ‘গণতন্ত্রের কবর দেওয়ায় তারা শান্তিতে নেই। ভোট চুরি করায় জনগণের সামনে বড় করে কথা বলতে পারছে না আওয়ামী লীগ।’
বুধবার (২৭ মার্চ) দুপুরে বরিশাল প্রেসক্লাবে জেলা (উত্তর) বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোলায় একটি জনসভায় বিএনপি দেওলিয়া হয়ে গেছে বলে যে মন্তব্য করেন তার পরিপ্রেক্ষিতে মীর নাছির বলেন, ‘সাহস থাকলে দেশে নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন, বিএনপি দেওলিয়া হয়েছে; নাকি আপনাদের দল দেওলিয়া হয়েছে।’ তিনি বলেন, ‘জিয়াউর রহমানের দল বিএনপি’র শক্তি এ দেশের জনগণ। তাই বিএনপি নয়, আওয়ামী লীগ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’
বরিশাল জেলা (উত্তর) বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও সাবেক এমপি মোশারেফ হোসেন মঙ্গুসহ অন্যরা।
সভায় গৌরনদী, আগৈলঝাড়া, মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জসহ উত্তর জেলা বিএনপির নেতারা তাদের আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মত দেন।








