কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মোহাম্মদ আরমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৭ মার্চ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার এই আদেশ দেন।
জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া এই তথ্য জানিয়েছে।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আরমানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকতা। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
জানা যায়, এর আগে ২০ মার্চ দুপুরে নগরীর চান্দগাঁও এলাকা থেকে আরমানকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। স্থানীয় বাসিন্দা আরমান এই মামলার এজহারভুক্ত আসামি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক ছিল সে। তার বড় ভাই মো. আলমগীর টিপু বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসার নিজ কক্ষ থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ২৩ নভেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দেওয়া প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হয়। পরে সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে সেই বছরেরই ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে আনোয়ার হোসেনসহ ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।








