দিনাজপুরের খানসামা উপজেলার চেহেলগাজী বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুলতান ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান ইসলাম বীরগঞ্জ উপজেলার সাদুল্লাপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে সাইকেলে চড়ে সুলতান পাকেরহাট বাজারে যাচ্ছিল।পথিমধ্যে একটি পাথর বোঝাই ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে সুলতান পড়ে যায়।পরে তার ওপর দিয়েই পাথর বোঝাই ট্রাকটি চলে গেলে ঘটনাস্থলেই সুলতান ইসলামের মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে ট্রাকটিকে আটক করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
খানসামা থানার পরিদর্শক চিত্তরঞ্জন রায় জানান, ঘাতক ট্রাকটিকে আটক করে রাখা হয়েছে। এই ঘটনায় জড়িতদের আটকের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।








