হবিগঞ্জ শহরের খোয়াই নদীর পাশে স্থাপিত প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছির আরাফাত ও আনিছুর রহমান মুন্নার নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী এসএম সৈকত জানিয়েছেন, শহরের খোয়াই নদীর দু’পাড়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দীর্ঘদিন ধরে একদল দখলদার অবৈধ স্থাপনা গড়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছে। তাদের দখলের কারণে বর্ষা মৌসুমে খোয়াই নদীর বাঁধ ভেঙে শহর তালিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাদের বার বার নোটিশ দেওয়া হলেও এবিষয়ে তারা কর্ণপাত করেনি। এ কারণে গত ২৫ মার্চ প্রেস ব্রিফিংএর মাধ্যমে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য সময় বেঁধে দেওয়া হয়। অবশেষে শনিবার তাদের উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের সময় হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সদর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছির আরাফাত জানান, পর্যায়ক্রমে খোয়াই নদীর দু’পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।








