রাজশাহী নগরীতে যানজট নিরসনে অটোরিকশা চার্জার রিকশা চলাচলে নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে নীতিমালা কার্যকর করা হবে।
জানা গেছে, আগামী ১ জুলাই থেকে ছয় আসনের অটোরিকশা ও দুই আসনের রিকশার জন্য মালিক ও চালককে পৃথক পৃথক নিবন্ধন কার্ড নিতে হবে। নিবন্ধন কার্ডে নম্বর অনুযায়ী বেজোড় নম্বর লাল রং ও জোড় নম্বর সবুজ রং এর করা হবে। মাসের প্রথম সপ্তাহে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত লাল রংয়ের অটোরিকশা এবং দুপুর আড়াইটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সবুজ রংয়ের অটোরিকশা চলবে। শুক্রবার ছুটির দিনসহ প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত উভয় রংয়ের অটোরিকশা চলবে। রুট প্লান অনুযায়ী মহানগরী এলাকায় এ জাতীয় যানবাহন চলাচল করবে। অটোরিকশা রাস্তায় চলাচলের ক্ষেত্রে গাড়ি চালকদের নিদিষ্ট পোশাক পরতে হবে। বিআরটিএর সহায়তায় চালকদের ট্রাফিক আইন সচেতনতায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
রবিবার রাজশাহী নগরী এলাকায় চলাচলকারী অটোরিকশা ও চার্জার রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা আনয়নের বিষয়ে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘সিটি করপোরেশনের যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অটোরিকশা ও চার্জার রিকশা নিয়ন্ত্রণে আলাপ-আলোচনার মাধ্যমে নীতিমালা তৈরি করা হয়েছে। এটি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি।’








