বকেয়া বেতন ভাতাসহ ৯ দফা দাবিতে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ ও লাঠি মিছিল করেছেন রাজশাহী জুল মিল শ্রমিকরা। তারা জুট মিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এছাড়া মঙ্গলবার (২ এপ্রিল) থেকে টানা ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালী এলাকায় লাঠি ও পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। বিক্ষোভ ও অবরোধের কারণে আধা ঘণ্টা সময় রাজশাহী-ঢাকা মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এসময় ওই মহাসড়কে আবারও যানবাহন চলাচল স্বাভাবিক হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।
এদিকে, বিক্ষুব্ধ জুট মিল শ্রমিকরা জানান, জানুয়ারি মাস থেকে তাদের বেতন ও ভাতা বন্ধ। বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতাসহ ৯ দফা দাবিতে রবিবার (৩১ মার্চ) থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেছেন।
রাজশাহী জুট মিল শ্রমিক ইউনিয়নে সভাপতি জিল্লুর রহমান জানান, ‘আগে ৪ হাজার ১৫০ টাকা বেতন ছিল। বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ৩০০ টাকা ঘোষণা হলেও তা বাস্তবায়ন হয়নি। এর ওপর গত জানুয়ারি মাস থেকে জুট মিলে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। তাই বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতা দেওয়াসহ শ্রমিকদের ৯ দফা দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে। আর ঘোষিত বেতন বাস্তবায়ন না হওয়ায় এ দাবিতে আজ (মঙ্গলবার) থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।’
কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, ‘মহাসড়ক থেকে জুট মিলের বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’








