নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ায় এক মুক্তিযোদ্ধার বাড়ি ও দোকানে হামলা চালিয়ে লুটপাটের অভিযোগ উঠেছে। রবিবার (৩১ মার্চ) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারীরা নৌকা প্রতীকের ক্যাম্প ভাঙচুর ও এক যুবলীগ নেতাকে ছুরিকাঘাতসহ পাঁচজনকে পিটিয়ে জখম করেন বলেও অভিযোগ পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার (১ এপ্রিল) সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়।
এলাকাবাসী জানান, সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে গত রবিবার উপজেলার সাদিপুরের বরাব কেন্দ্রে ভোট গণনা শেষে নৌকা প্রতীকে ভোট দেওয়ায় বিদ্রোহী প্রার্থীর সর্মথক জাতীয় পার্টির নেতা ও স্থানীয় সাদিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বা রফিকুল ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমানের বাড়িতে হামলা চালানো হয়। এসময় মুক্তিযোদ্ধার ছেলে সাদিপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল জাকির বাধা দিলে হামলাকারীরা তার পেটে ছুরিকাঘাত করে মারাত্বকভাবে জখম করে। হামলাকারীরা মুক্তিযোদ্ধার দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়।
পরে স্বজনরা আহত যুবলীগ নেতাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে হামলাকারীরা একই সময় ওই এলাকায় নৌকা প্রতীকের ক্যাম্পে ভাঙচুর করে নৌকার সমর্থক আমির হোসেন, ইমরান, শাহিনসহ চারজনকে পিটিয়ে আহত করে।
খবর পেয়ে নির্বাচনের দায়িত্বে থাকা মোবাইল ডিউটিরত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা নৌকায় ভোট দেওয়ায় রফিকুল ইসলামের নেতৃত্বে পাগলা সিরাজ, মাহামুদ আলী, আব্দুর রব, ওমর আলী, মিলন, শামীমসহ অর্ধশতাধিক লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালান। এসময় সন্ত্রাসীরা তার দোকানেও ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় মতিউর রহমানের ছেলে ও যুবলীগ নেতা আব্দুল্লাহ হামলাকারীদের বাধা দিতে গেলে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত না। তবে কর্মীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানান তিনি।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনও লিখিত অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।








