মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে নরসিংদীর ইউএমসি জুটমিলস ও ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলস-এ টানা ৭২ ঘন্টার শ্রমিক ধর্মঘট শুরু হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট আমাগী তিন দিন চলবে বলে জানিয়েছেন পাটকল শ্রমিক নেতারা।
সকাল থেকে উত্তেজিত শ্রমিকরা বিভিন্ন স্লোগানে মিল গেটের সামনে অবস্থান ও বিক্ষোভ মিছিল বের করেন।
ইউএমসি জুট মিলস শ্রমিক ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম মোল্লা জানান, ‘ইতোপূর্বে বহুবার মাসব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে সরকারকে দ্রুত শ্রমিকদের ন্যায্য দাবি মজুরি কমিশনসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। তবে অজ্ঞাত কারণে শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই আমরা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭২ ঘন্টার ধর্মঘট পালন শুরু করেছি।’ অবিলম্বে মজুরি কমিশনসহ ৯ দফা দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করবেন বলে জানান শ্রমিকরা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিবিএ সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সিবিএ সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা কাইছার খানসহ অন্যান্য শ্রমিক নেতারা। শ্রমিক সমাবেশ শেষে বের করা বিক্ষোভ মিছিলটি আঞ্চলিক সড়কসহ ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে সাহেপ্রতাপ মোড় এলাকা ঘুরে ইউএমসি জুট মিল গেটে এসে শেষ হয়। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।








