চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাঁচটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, ১২৬ রাউন্ড গুলি এবং রামদা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত পাঁচ হলে একসঙ্গে এই তল্লাশি অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় রাতে একযোগে পাঁচটি আবাসিক হলে তল্লাশি চালানো হয়েছে। এতে আলাওল হলে ক্যান্টিনের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি এক নলা বন্দুক, থ্রি নট থ্রি বন্ধুকের ১২৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাছাড়া হলের বেশ কয়েকটি আবাসিক কক্ষ থেকে ১২টি রামদা, রড ও বিপুল পরিমাণ লাঠিসোটাও উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।’
প্রসঙ্গত, গত রবিবার (৩১ মার্চ) ফেসবুকে একটি পোস্টে হাসির (হা হা) প্রতিক্রিয়া দেওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। এতে আহত হন তিন জন। এ ঘটনার রেশ ধরে গতকাল সোমবারও ক্যাম্পাসে উত্তেজনা রিবাজ করে। পরে রাতে শাহ আমানত হল, সোহরাওয়ার্দী হল, এ এফ রহমান হল, আলাওল হল এবং আব্দুর রব হলে একযোগে তল্লাশি চালানো হয়।







