কক্সবাজারের টেকনাফ সীমান্তে গেল মার্চ মাসে ১১ লাখ ৭৩ হাজার ৩৫৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। এছাড়া গত মাসে বন্দুকযুদ্ধে ৬ জন নিহত হয়েছে এবং ১৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। টেকনাফ ২ বর্ডার র্গাড ব্যাটলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির এই কর্মকর্তা জানান, ‘গত মার্চ মাসে সীমান্ত ও চেকপোস্টে বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে ১১ লাখ ৭৩ হাজার ৩৫৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩৫ কোটি ২০ লাখ ৬ হাজার ২০০ টাকা। এসব ইয়াবা উদ্ধারের ঘটনায় ২০টি মামলায় ১২ জনকে আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময় ইয়াবা উদ্ধারের সময় বন্দুকযুদ্ধে ৬ জন মাদক কারবারি নিহত হয়েছে।’
মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার আরও জানান, ‘এছাড়া সীমান্তে বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে ২৩ বোতল এবং ২৮০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৫০ বোতল ফেনসিডিল ও সাড়ে ৪ কেজি গাঁজা জব্দ করেছে। পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযানে ২২ লাখ ৭৯ হাজার ৩০০ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়। এই ঘটনায় আলাদাভাবে ৩ মামলা হয়েছে এবং এক জনকে আটক করা হয়েছে।’








