বরিশাল নগরীর বাংলাবাজারের বড় বাড়িতে এসিড পানি পানে শাহরিয়ার নামে চার বছর বয়সী এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শিশু শাহরিয়ার প্রবাসী সিদ্দিকুর রহমানের ছোট ছেলে।
নিহতের চাচা মিজানুর রহমান জানান, শাহরিয়ারের পরিবারের ব্যাটারিচালিত অটোরিকশার ব্যবসা রয়েছে। চালকরা অটোরিকশার ব্যাটারির এসিড পানি একটি মিনারেল পানির বোতলে ভরে শাহরিয়ারদের বাসায় রেখে যায়। দুপুরে শাহরিয়াকে তার মা ভাত খাওয়ানোর সময় ভুলে পানির বোতলে থাকা ওই এসিড পানি তাকে পান করান। পানি পানের সঙ্গে সঙ্গে শাহরিয়ার গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় শাহরিয়ারের মৃত্যু হয়।
শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. অসীম কুমার সাহা জানান, ‘এসিড পান করানোর কারণে তার পেটের ভেতরে পুড়ে গেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেও শিশুটিকে বাঁচাতে পারিনি।’








