কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার ভাঙ্গাবটতলা নামক স্থানে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– মিরপুর পৌরসভার নওপাড়া গ্রামের দুল্লাহ মল্লিকের ছেলে কারিমুল (৪৬) ও খন্দকবাড়িয়া গ্রামের লাল মাহমুদের ছেলে মুন্নাফ (৫০)।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, আজ (শুক্রবার) বিকালে মাছধরা শেষে কারিমুল ও মুন্নাফ ভ্যানে করে মিরপুরের দিকে আসছিলেন। এসময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মুন্নাফ নিহত হন। আর কারিমুলকে উদ্ধার করে স্থানীয় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।








